তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি ভোট বাজারে বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিলেন?
দি নিউজ লায়ন ; একদিকে দলীয় কোন্দল, সঙ্গে ভাঙনের ভ্রুকুটি অন্যদিকে দলের বিভিন্ন নেতা নেত্রীকে ঘিরে পোষ্টার বিতর্কে জেরবার তৃণমূল। এর মধ্যেই দলে অস্বস্তি বাড়িয়ে দিলেন সাংসদ মহুয়া মৈত্র। গত রবিবার নদীয়ার গয়েশপুরে মহুয়া মৈত্র একটি দলীয় সভা করতে গিয়ে সমস্ত মোবাইল এবং ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন। এরপরেই তিনি বলেন, কর্মী বৈঠকে কেন প্রেস ডাকো তোমরা? দু পয়সার প্রেসকে কে ডেকেছে?
মহুয়া মৈত্রের এই আক্রমণে ক্ষোভ প্রকাশ করেছে বাংলার সংবাদ মাধ্যম। কলকাতা প্রেস ক্লাব থেকে এক বিবৃতি প্রকাশ করে সাংসদের ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। তবে নিজের দু পয়সার প্রেস বিতর্কে দুঃখ প্রকাশ তো দূরের কথা বরং নিজের অবস্থানে অনড় মহুয়া মৈত্র। তিনি ট্যুইটে লেখেন, আমার মিম সম্পাদনা করার ক্ষমতা আরও বাড়ছে। তিনি লেখেন, নিন্মমানের দুঃখজনক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
রাজনৈতিক মহল মনে করছেন, মহুয়া নিজের ট্যুইটে কার্যত দু পয়সার প্রেস কথাকে সঠিক বলে বর্ণনা করেছেন। ফলে ভোটের আগে তৃণমূলে অস্বস্তি বাড়বে বলে মত রাজনৈতিক মহলের। তারা মনে করছেন, দলে যখন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়দের নিয়ে অস্বস্তিতে দল সেখানে দাঁড়িয়ে নতুন করে দলের এই সাংসদের অবস্থান দলে কাঁটা হয়ে দেখা দেবে।
ইতিমধ্যেই মহুয়া মৈত্রের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতারা নিন্দায় মুখর হয়েছেন। বিজেপি নেতা তথাগত রায় বলেন, সংবাদমাধ্যম দেশের গণতন্ত্রের একটি স্তম্ভ। সেই সংবাদমাধ্যমকে যে বা যারা এইভাবে মন্তব্য করতে পারেন তাদের রুচি এবং সেই দলের পরিচয় বোঝা যায়। স্বাভাবিকভাবেই মহুয়া মৈত্রের এই মন্তব্য বাংলার ভোট বাজারে বিজেপি এবং বিরোধী রাজনীতিকদের হাতে নয়া অস্ত্র তুলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Post a Comment